বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

যশোরে ভ্যানসহ নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষে মিলল চালকের মরদেহ

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ এএম

শেয়ার করুন:

যশোরে ভ্যানসহ নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষে মিলল চালকের মরদেহ
মরদেহের প্রতীকী ছবি।

যশোরের চৌগাছা থেকে ইঞ্জিনচালিত ভ্যানসহ নিখোঁজ হওয়ার তিন দিন পর একলাস হোসেন (২৬) নামে এক চালকের মরদেহ কপোতাক্ষ নদ থেকে উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার বিকেলে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর পূর্বপাড়া এলাকায় নদে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। স্বজনরা একলাসের মরদেহ শনাক্ত করেন।

নিহত একলাস হোসেন চৌগাছা উপজেলার স্বরূপদা ইউনিয়নের মাধবপুর গ্রামের সানাউল হোসেনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর বিকেল থেকে প্রায় নতুন একটি ইঞ্জিনচালিত ভ্যানসহ নিখোঁজ ছিলেন একলাস। সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে ২০ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এরই মধ্যে মঙ্গলবার দুপুরে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর পূর্বপাড়া এলাকায় কপোতাক্ষ নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে সেখানে ভিড় করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। 

পরিবারের সদস্যদের ধারণা, প্রায় নতুন ইঞ্জিনচালিত ভ্যানটি ছিনিয়ে নিতে দুর্বৃত্তরা একলাসকে হত্যা করে মরদেহ নদে ফেলে রেখে যেতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন বলেন, নদ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা মরদেহটি একলাস হোসেনের বলে শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর