কক্সবাজারের মহেশখালীতে মিশুক গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. ফয়সাল (৩১) নামে এক যুবক মারা গেছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত তিনজন আহত হন।
মৃত ফয়সাল চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার মো. ইলিয়াসের ছেলে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বড় মহেশখালী সমবায় সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোরকঘাটাগামী একটি মিশুক গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীসহ কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুস সুলতান জানান, তিনি সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। মঙ্গলবার মহেশখালীতে ঘুরতে এসে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান ওই যুবক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এলএ




