ছেলের অত্যাচার-নির্যাতন, জুয়া ও মাদকাসক্তির অভিযোগে অতিষ্ঠ হয়ে আদালতে হলফনামার মাধ্যমে একমাত্র ছেলে মিরাজ সিকদারকে ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করেছেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আব্দুর রহিম সিকদার। ঘটনাটি বরিশালের উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আব্দুর রহিম সিকদার জানান, ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত ২১ সেপ্টেম্বর বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে (সিরিয়াল নম্বর-৭১০) একমাত্র ছেলে মিরাজ সিকদারকে ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করেন।
হলফনামায় আব্দুর রহিম সিকদার অভিযোগ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ায় জড়িয়ে পড়েছেন। নেশার টাকা জোগাড় এবং পারিবারিক সম্পত্তি নিয়ে বিভিন্ন সময় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
এ ছাড়া বিদেশে লোক পাঠানোর কথা বলে মিরাজ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছেন এবং এসব আর্থিক দায়ভার তার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।
হলফনামায় আরও বলা হয়, মিরাজের ব্যক্তিগত কর্মকাণ্ড, দেনা-পাওনা ও আর্থিক লেনদেনের কোনো দায়ভার আব্দুর রহিম সিকদার বা পরিবারের অন্য সদস্যরা বহন করবেন না। ২০ সেপ্টেম্বর থেকে মিরাজকে ‘ত্যাজ্যপুত্র’ হিসেবে ঘোষণা করা হয়েছে বলেও হলফনামায় উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে মিরাজ সিকদারের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
একমাত্র ছেলেকে ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
প্রতিনিধি/এসএস




