মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম

শেয়ার করুন:

জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার
জামালপুর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জাকিরুল হককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর জামালপুর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জাকিরুল হককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। সোমবার (২১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাকিরুল হককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

তবে কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে জাকিরুল হকের ফেসবুক পোস্টের কথা উল্লেখ করা হয়নি। সেখানে বহিষ্কারের কারণ হিসেবে শুধু ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ’ উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

ময়মনসিংহে দায়িত্ব নেওয়ার ২০ দিনের মাথায় এসিল্যান্ড প্রত্যাহার

জাকিরুল হক জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের গুনারীতলা পূর্বপাড়া এলাকার সামিউল হকের ছেলে। তিনি জামালপুর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।

এর আগে সোমবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে একটি পোস্ট দেন জাকিরুল হক। পোস্টে তিনি লেখেন, ‘যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চাই। আপনাদের পা ধরি ভাই, কেউ আর এসএমএস, কল দিয়েন না। একটা ভোটই তো চেয়েছিলাম, জায়গা-জমি তো আর চাইনি।’ পরে তিনি লেখেন, ‘দলের আগে দেশ, আমি দেশের পক্ষে, আমি সাধারণ জনগণের পক্ষে। আমি সবসময় দেশের মানুষের পক্ষে আছি।’

জাকিরুল হক বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ায় সোমবার সকালে ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। সেই পোস্টের কারণেই আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর