মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ছেলেকে জিম্মি করে মাকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামির বাড়ি ভাঙচুর

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

শেয়ার করুন:

ছেলেকে জিম্মি করে মাকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামির বাড়ি ভাঙচুর

ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে জিম্মি করে তার মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামির বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ওই নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরদিন শুক্রবার রাতে তিনি বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা করেন।

পুলিশ জানায়, মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা হলেন গফরগাঁওয়ের শরীফ (২৩), তার ভাই আরিফ (২১), ফাহিম (২২), রাজীব (২৩) ও এনামুল (২২)। ঘটনার রাতেই অভিযান চালিয়ে রাজীবকে গ্রেফতার করে পুলিশ। অন্য চার আসামি পলাতক।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী মামলার প্রধান আসামি শরীফের বাড়িতে যান। এ সময় তারা বসতঘরের টিনের বেড়া ও চাল ভাঙচুর করেন। পরে খুলে নেওয়া টিন বাড়ির পাশে স্তূপ করে রাখা হয়।

স্থানীয় লোকজন জানান, এর আগে আসামিদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে ঘরের মালামালও সরিয়ে রাখা হয়। ঘটনার বিচার ও পরবর্তী করণীয় ঠিক করতে রবি ও সোমবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা বৈঠক করেন।

আরও পড়ুন

ভাত খাওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেফতার

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী প্রবাসে থাকেন। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে পানি ও কুড়াল চাওয়ার অজুহাতে পাঁচজন ওই বাড়ির দরজার কাছে যান। প্রবাসীর ছেলে পানি নিয়ে দরজার কাছে এলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। এরপর ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই নারীর কাছে টাকাও দাবি করা হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান শেখ বলেন, প্রধান আসামির বাড়ি ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন নিজের হাতে তুলে না নিয়ে অন্য আসামিদের অবস্থান সম্পর্কে পুলিশকে তথ্য দিতে এলাকাবাসীর প্রতি অনুরোধ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর