প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি উৎসাহিত করার বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.রায়হান কবির এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দরা।
অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান জেলা প্রশাসক নারায়ণগঞ্জ মো. রায়হান কবির।
তিনি বলেন, ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে।
একই সঙ্গে অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমকে জীবনের অংশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
জেলা প্রশাসক আরও বলেন, বর্তমানের কৃতী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে।
তাই জ্ঞান অর্জনের পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। শিক্ষার্থীদের সাফল্যের জন্য শুভেচ্ছা জানান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সফলতা কামনা করেন তিনি।




