রাঙামাটির লংগদু উপজেলায় এক মেয়েকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা এবং ধর্ষণের চেষ্টার অভিযোগে এক প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার আটারকছড়া ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি মায়ের সঙ্গে ওই এলাকায় সৎ বাবার বাড়িতে বসবাস করত। অভিযোগ উঠেছে, গত সপ্তাহে বাড়িতে মেয়েটিকে একা পেয়ে সৎ বাবা ফজলুল হক চৌধুরী (৬৫) তাকে ধর্ষণ করেন। পরে বিভিন্ন সময় তাকে নির্যাতনও করা হয়।
এদিকে, বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর প্রতিবেশী যুবক শহিদুল (২৩) মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে সোমবার রাতে দুজনকে গ্রেফতার করা হয়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, গত এক সপ্তাহে এসব ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে সৎ বাবা ও ধর্ষণচেষ্টার অভিযোগে এক প্রতিবেশী যুবককে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস




