নেত্রকোনার পূর্বধলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মো. জাকির হোসেন মৃদুল (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এরআগে গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের সামনে চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাকির হোসেন কলমাকান্দা উপজেলার বামনগাঁও গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক মোহাম্মদ সেন্টু মিয়ার নেতৃত্বে রোববার দিবাগত রাতে শ্যামগঞ্জ এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহজনক ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মো. জাকির হোসেন মৃদুলকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেফতার জাকির হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। পরে সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/টিবি




