মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নবীনগরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের ঝোপ থেকে শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পিএম

শেয়ার করুন:

নবীনগরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের ঝোপ থেকে শিশুর মরদেহ উদ্ধার
নবীনগরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের ঝোপ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই দিন নিখোঁজ থাকার পর মিম (৭) নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল পৌনে চারটার দিকে উপজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকার একটি পুকুরের পাড়সংলগ্ন ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিম ওই এলাকার মিজান মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শিশুটি নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সোমবার বিকেলে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরের পাড়সংলগ্ন ঝোপঝাড়ে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, দীর্ঘ সময় ধরে পানিতে কিংবা খোলা স্থানে পড়ে থাকার কারণে মরদেহটি পচে অর্ধগলিত হয়ে গেছে। এ কারণে শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

575e9ba9-1d61-439e-bf11-b434f960c745

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, দুই দিন আগে শিশুটি নিখোঁজ হয়েছিল এবং তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ পচে যাওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না তা বোঝার উপায় নেই। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিকে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

প্রতিনিধি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর