গোপালগঞ্জের কাশিয়ানী স্টেশনের একটি বিশ্রামাগার থেকে মনির হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে স্টেশনের সাবেক আর্মি ক্যাম্পের সামনের একটি বিশ্রামাগারের ছাউনির সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্টেশনে কর্মরত কর্মচারীরা। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহত মনির হোসেন কাশিয়ানী উপজেলার মধ্যপাড়া এলাকার রুকু মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে পারিবারিক একটি বিষয় নিয়ে কলহের পর বাড়ি থেকে বের হয়ে যান মনির। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে মনির আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এলএ




