সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জ্বালানি তেলের দাম বৃদ্ধি: প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম

শেয়ার করুন:

জ্বালানি তেলের দাম বৃদ্ধি: প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ
রংপুরে মিছিল শেষে জামায়াতের প্রতিবাদ সভা। ছবি: ঢাকা মেইল

দেশে জ্বালানি তেলে দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতের ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে রংপুর প্রেসক্লাবের সামনে শেষ হয়। বিক্ষোভ মিছিলে থেকে ‘তেল দাও, সেবা দাও, নইলে গদি ছেড়ে দাও’, ‘তেলের সরবরাহ নিশ্চিত করো, মানুষের ভোগান্তি বন্ধ করো’, ‘তেলের দাম কমিয়ে দে, নইলে গদি ছেড়ে দে’- এমন স্লোগান দেন বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা।

প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- রংপুর সদর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবার রহমান বেলাল, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান।

সংসদ সদস্য মাহবুবার রহমান বেলাল বলেন, বিএনপি ফুটবল খেলার মতো সরকার গঠনের মাত্র ৬-৭ মাসের মধ্যে তেল গ্যাসের দাম বৃদ্ধিতে হ্যাট্রিক করেছে। জাতীয় সংসদ চলাকালে তারা তেলের দাম বৃদ্ধি করার সাহস পায়নি। কেননা তেলের দাম বৃদ্ধি হলে আমাদের পক্ষ থেকে সংসদে সমালোচনা করা হতো। তাই অনেকটা নীরবে-নিভৃতিতে তারা তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে। 

‘সারাদেশের হিসাব অনুযায়ী শুধুমাত্র গাড়ি থেকে প্রতিদিন গড়ে ৪০ কোটি টাকার বেশি অতিরিক্ত আয় করবে সরকার। এই ২০ টাকা সরকারের কাছে বেশি না হলেও দেশের মানুষের কাছে অনেক বেশি। তারা এই কয়েক মাসেই কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। তারা ২০০১-২০০৬ সালে পরপর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আবারো দেশকে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করতে চায়।’

তিনি এসময় অবিলম্বে তেলের দাম কমিয়ে আনার জন্য সরকারের কাছে আহ্বান জানান।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর