সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে গ্রেফতার ৯

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে গ্রেফতার ৯

নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে চক্রের মূল হোতাসহ নয়জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া ও প্রতারণায় ব্যবহৃত একাধিক মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার কলাগাছি গ্রামের আজাদ মোল্যার ছেলে ফরহাদ হোসেন (২৬), লোহাগড়ার লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে সজীব হোসেন (৩০), গোবিন্দপাড়া গ্রামের প্রহ্লাদ মজুমদারের ছেলে প্রসেনজিৎ মজুমদার (৩০), চর ঝামারঘোপ গ্রামের মৃত শাহাদাৎ মোল্যার ছেলে জমির মোল্যা (৪৫), মাগুরার কলাগাছি গ্রামের মহামিন মোল্যার ছেলে আলাউদ্দিন মোল্যা (২৮), লোহাগড়ার কালিনগর গ্রামের মিটুর মোল্যার ছেলে লাছু মিনহাজ (২৪), মাগুরার কলাগাছি গ্রামের সাখাওয়াত মোল্যার ছেলে নাজমুল মোল্যা (২৬), একই গ্রামের আজাদ মোল্যার ছেলে ফরিদ হোসেন (২৮) এবং লোহাগড়ার কালিনগর গ্রামের মৃত বীরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে বিবেক বিশ্বাস (২৫)।

আরও পড়ুন

ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘নাহিদ ওয়ার্ড’, ‘কলম প্যাকেজিং’, ‘কাকলী ফার্নিচার’, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’ ও ‘অনলাইন বিডি’সহ বিভিন্ন আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

রোববার (২০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল লোহাগড়া উপজেলার ঝামারঘোপ বাজারে অভিযান চালায়। এ সময় বাজারের ‘মা ফার্মেসিতে অভিযান চালিয়ে ফার্মেসির মালিক ও চক্রের মূল হোতা ফরহাদ হোসেন এবং তার প্রধান সহযোগী সজীব হোসেনসহ নয়জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া ও প্রতারণায় ব্যবহৃত একাধিক মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়। এসব ডিভাইসে বিভিন্ন অনলাইন জুয়া ও বেটিং অ্যাপ ব্যবহারের তথ্য এবং বড় অঙ্কের ই-লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, মোস্তাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর