সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জে রাস্তার পাশে পার্কিং করা বাসে আগুন

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ এএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে রাস্তার পাশে পার্কিং করা বাসে আগুন
নারায়ণগঞ্জে রাস্তার পাশে পার্কিং করা বাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টা থেকে ২টার মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এস. ও ঈদগাহ মাঠ সংলগ্ন নতুন রাস্তার পাশে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রাস্তার পাশে পার্কিং করা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। তথ্য পেয়ে আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং রাত সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে এটি নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সম্পৃক্ততা রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে প্রশাসন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুনের খবর পেয়ে স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লেগেছে সেটি জানা যায়নি।

 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আগুনে কোনো হতাহত বা আটকের খবর পাওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর