সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কুমারখালীতে ব্যবসায়ীকে জরিমানা, ৪৬ বস্তা সার জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ এএম

শেয়ার করুন:

কুমারখালীতে ব্যবসায়ীকে জরিমানা, ৪৬ বস্তা সার জব্দ
ছবি: সংগৃহীত

কীটনাশক বিক্রির লাইসেন্স নিয়ে সার কেনার পর কৃত্রিম সংকট তৈরির অভিযোগে কুষ্টিয়ার কুমারখালীতে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ৪৬ বস্তা সার জব্দ করা হয়েছে।  রোববার ( ২০ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চাপাইগাছি কালভার্ট এলাকার মেসার্স কৃষি ঘরে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

কৃষি বিপণন আইন ১৯ (১) এর (ঠ) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার। আদালত পরিচালনায় সহযোগীতা করেন জেলা জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা ইসরাত জাহান মুন ও থানা পুলিশ। পরে জব্দকৃত সার ন্যায্যমূল্যে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান সূত্রে জানা গেছে, কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের চাপাইগাছি কালভার্ট এলাকার মেসার্স কৃষি ঘরের স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলামের কীটনাশক বিক্রির লাইসেন্স আছে। নীতিমালা অনুযায়ী কীটনাশকের লাইসেন্সে সার বিক্রির নিয়ম নেই। কিন্তু সাইফুল ইসলাম কখনও কৃষক সেজে আবার কখনও অন্যদের কৃষক সাজিয়ে বিভিন্ন ডিলার পয়েন্টে সার ক্রয় করে মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন। এবং মজুতকৃত সার অতিরিক্ত দামে বিক্রি করছেন। 

রোববার সন্ধায় সাইফুলের দোকানে অভিযান চালিয়ে ২৭ বস্তা ডিএপি, ৯ বস্তা এমওপি, ৭ বস্তা টিএসপি ও ৩ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দকৃত সার স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়। আগামীকাল ( সোমবার) সকালে জব্দকৃত সার ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হবে। বিক্রির টাকা নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। এছাড়াও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযোগ স্বীকার করে ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, 'আমার কীটনাশকের লাইসেন্স আছে। কখনও কৃষক সেজে এবং কখনও অন্য কৃষকদের কাছ থেকে বেশি দামে সার কিনে মজুত করি। পরে আবার বেশি দামে তা বিক্রি করে থাকি। আমার ভুল হয়েছে।'

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার বলেন, কৃষক সেজে অবৈধ সার কিনে মজুত করে কৃত্রিম সংকটের অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও দোকান থেকে ৪৬ বস্তা সার জব্দ করা হয়েছে। যা কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর