রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কেশবপুর প্রেসক্লাবে প্রতিপক্ষের হামলা-ভাঙচুর, ৪ সাংবাদিক হাসপাতালে

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

শেয়ার করুন:

কেশবপুর প্রেসক্লাবে প্রতিপক্ষের হামলা-ভাঙচুর, ৪ সাংবাদিক হাসপাতালে
আহত একজন সাংবাদিক। ছবি: ঢাকা মেইল

যশোরের কেশবপুর প্রেসক্লাবে হামলা, ভাঙচুর ও সাংবাদিকদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চার সাংবাদিক ভর্তি রয়েছেন। 

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে কেশবপুর প্রেসক্লাবে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আশরাফুজ্জামান, জয়দেব চক্রবর্তী, আবদুল্লাহ আল ফুয়াদ ও জাহিদ হাসান।

সাংবাদিকদের অভিযোগ, আগামী ২৬ সেপ্টেম্বর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে পেশাদার সাংবাদিকরা নির্বাচনের প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত ছিলেন। দুপুরে কেশবপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ আলী খান ডাবলুর নেতৃত্বে একদল ব্যক্তি প্রেসক্লাবে প্রবেশ করে সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও মারধর এবং ক্লাবের ভেতরে ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

সাংবাদিক জাহিদ হাসান বলেন, হঠাৎ বহিরাগতরা প্রেসক্লাবে এসে আমাদের ওপর হামলা ও মারধর শুরু করে। এতে কয়েকজন সাংবাদিক আহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হয়।

অভিযোগ রয়েছে, হামলার পর প্রেসক্লাবের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে ৫১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে কেশবপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দিনকালের প্রতিনিধি মাহাবুর রহমানকে আহ্বায়ক, হারুন আর রশিদকে সদস্য সচিব এবং ওয়াজেদ আলী খান ডাবলুকে সদস্য করা হয়েছে।

কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফউজ জামান বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বহিরাগতদের নিয়ে মব তৈরি করে জোরপূর্বক প্রেসক্লাব দখলের চেষ্টা করা হয়েছে। এ সময় আমাদের কয়েকজনকে ক্লাবের ভেতরে আটকে রাখা হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে ওয়াজেদ আলী খান ডাবলুকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, সাংবাদিকদের মধ্যে একটি বিরোধ চলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। আমরা দুই পক্ষকে থানায় আসতে বলেছি। দুই পক্ষের সঙ্গে বসে বিষয়টি আলোচনা করা হবে।

হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। এমন ঘটনা ঘটলে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দিতে আসেনি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর