ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে ওহিদুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নওদা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওহিদুল ইসলাম ওই গ্রামের মোস্তফা হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, দুপুরে নিজের ড্রাগন ফলের বাগানে কাজ করতে যান ওহিদুল। বাগান সুরক্ষায় দেওয়া নেটে পেঁচিয়ে থাকা একটি সাপ তার পায়ে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফেরেন। পরে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান।
ওঝার ঝাড়ফুঁকের একপর্যায়ে ওহিদুলের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে বিকেলে তার মৃত্যু হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নওদা গ্রামে ওহিদুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
প্রতিনিধি/এসএস




