সাংবাদিক মাহবুব উল আহসান উল্লাসের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকরা।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজের আয়োজনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক উল্লাস হামলার শিকার হয়েছেন। সড়ক নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের তথ্য সংগ্রহের সময় তার ওপর হামলা এবং ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত আসামিদের গ্রেফতার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
বক্তারা বলেন, প্রতিহত নয়, এবার প্রতিরোধ করা হবে। সাংবাদিকদের ওপর হামলা করে, ভয় দেখিয়ে কিংবা মামলা দিয়ে সংবাদ প্রকাশ বন্ধ করা যাবে না। একজন সাংবাদিকের ওপর হামলা হলে সাংবাদিক সমাজ তার পাশে দাঁড়াবে।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নন। তারা জনগণের পক্ষে কথা বলেন এবং অনিয়ম-দুর্নীতির তথ্য তুলে ধরেন। সংবাদ সংগ্রহের কারণে কোনো সাংবাদিককে হামলার শিকার হতে হবে, এটা মেনে নেওয়া যায় না।
এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজের সাধারণ সম্পাদক শামিম উল হাসান অপু, সহসভাপতি মজিবুল শেখসহ জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার এলাকায় সড়ক নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন বাংলা টিভির কুমারখালী প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব উল আহসান উল্লাস।
এ ঘটনায় শনিবার সন্ধ্যায় কুমারখালী থানায় কুষ্টিয়া-৪ আসনের এমপি আফজাল হোসেনের ভাই, আনোয়ার হোসেন এবং ছেলে শোভনসহ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।
প্রতিনিধি/এলএ




