রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে ইসমাইলের উচ্চশিক্ষা অনিশ্চিত

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম

শেয়ার করুন:

জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে ইসমাইলের উচ্চশিক্ষা অনিশ্চিত
ইসমাইল হোসেন নিবির

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েও অর্থাভাবে উচ্চশিক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে ফেনীর দাগনভূঞা পৌরসভার বেতুয়া গ্রামের ইসমাইল হোসেন নিবিরের।

​দাগনভূঞা একাডেমী থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এই দুর্দান্ত সাফল্য অর্জন করেন ইসমাইল। তার এই ফলাফলে পরিবার, স্কুলের শিক্ষক ও প্রতিবেশীরা আনন্দিত হলেও অর্থাভাবের কারণে সেই আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে। আগামী দিনের পড়াশোনার খরচ কীভাবে মিটবে-তা নিয়ে দিশেহারা ইসমাইল ও তার পরিবার।

​ইসমাইলের বাবা মোহাম্মদ সুজন পেশায় একজন ফেরিওয়ালা। ফেরি করে তিনি যা আয় করেন, তা দিয়েই কোনোমতে চলে পরিবার ও দুই ছেলের পড়াশোনার খরচ। অর্থাভাবে বাবার কষ্টে ভাগ বসাতে স্কুলের ছুটির দিনগুলোতে ইসমাইল নিজেও বাবার সাথে ফেরিওয়ালার কাজ করতেন।

​ইসমাইলের বাবা আক্ষেপ করে বলেন, অভাব-অনটনের মধ্যেও ছেলেটা ভালো ফলাফল করেছে। সে আরও পড়তে চায়। কিন্তু পরিবার চালিয়ে কলেজে ভর্তি ও পড়ালেখার খরচ জোগানো আমার পক্ষে অসম্ভব।

কোনোমতে খেয়ে না খেয়ে বেঁচে আছি, এখন ছেলেকে কীভাবে কলেজে ভর্তি করাব বুঝে উঠতে পারছি না।

​স্কুলে পড়ার সময় ইসমাইলকে বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হয়েছিল বলে জানান দাগনভূঞা একাডেমীর শিক্ষক ইমাম হোসেন। 

তিনি বলেন, আমি ও আরাফাত স্যার তাকে ফ্রিতে প্রাইভেট পড়াতাম এবং বিভিন্ন প্রকাশনী বা কোম্পানির কাছে অনুরোধ করে বই-গাইডের ব্যবস্থা করে দিতাম। ইসমাইল অত্যন্ত মেধাবী। তবে এখন কলেজে পড়াশোনার খরচ চালোনো তার পরিবারের পক্ষে খুবই কঠিন। সমাজের কোনো শিক্ষানুরাগী বা বিত্তবান ব্যক্তি এগিয়ে এলে ছেলেটির স্বপ্ন বেঁচে থাকত।

​মেধাবীদের সমাজের সম্পদ উল্লেখ করে দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম দেশের বিত্তবান ও মানবিক মানুষদের ইসমাইলের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

​এ বিষয়ে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইসমাইলকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং তার যেকোনো প্রয়োজনে ভবিষ্যতে উপজেলা প্রশাসন পাশে থাকবে।

প্রতিনিধি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর