বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে এক আসামিকে আটকের পর ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পরে অভিযান চালিয়ে ওই আসামি ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আলীমাবাদ ইউনিয়নের চরমহিষা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই দিন রাতে পার্শ্ববর্তী চরডাইয়া এলাকায় অভিযান চালিয়ে মূল আসামি হাকিম তালুকদার (৪৩) ও তার ছেলে সাইফুল ইসলাম তালুকদারকে (১৫) গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিনের নির্দেশে এসআই রুবেল খানের নেতৃত্বে পুলিশের একটি দল চরমহিষা গ্রামে অভিযান চালায়। এ সময় মৃত আব্দুর রব তালুকদারের ছেলে হাকিম তালুকদারকে তার ঘরের পশ্চিম পাশের বাগান থেকে আটক করা হয়। তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের অভিযোগ, আটকের পর হাকিম ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্ত্রী ও দুই ছেলে লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে এসে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের মারধর করে হাকিমকে ছিনিয়ে নিয়ে যান।
এ ঘটনায় কনস্টেবল রাসেল গুরুতর আহত হন। তাকে বরিশালের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া এসআই আজাদ, কনস্টেবল ফিরোজ মোল্লা ও কনস্টেবল রায়হান আহত হয়েছেন।
পুলিশ জানায়, হামলায় জড়িত ব্যক্তিরা হলেন হাকিমের স্ত্রী, বড় ছেলে মো. সাব্বির হোসেন (২২) ও ছোট ছেলে সাইফুল ইসলাম তালুকদার (১৫)।
পরে শনিবার রাত সোয়া আটটার দিকে পার্শ্ববর্তী চরডাইয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। স্থানীয় লোকজনের সহায়তায় ওই এলাকা থেকে হাকিম তালুকদার ও তার ছেলে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
থানা-পুলিশ জানায়, হাকিম তালুকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এর আগে তাকে একাধিকবার গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রোববার পৃথক দুটি মামলা করেছে। এর মধ্যে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অপরটি সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে। দুই মামলায় চারজনকে আসামি করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন বলেন, ‘পুলিশকে ডাকাত বলে অপপ্রচার চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
প্রতিনিধি/এসএস




