সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

টাঙ্গাইলে হাটুভাঙ্গা সেতুর টোলবুথে হামলা ও মারধর, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

শেয়ার করুন:

টাঙ্গাইলে হাটুভাঙ্গা সেতুর টোলবুথে হামলা ও মারধর, গ্রেফতার ১
ছবির ইনসেটে গ্রেফতার হৃদয় খান ওরফে সেকেন্দার (২৪)।

টাঙ্গাইলের মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলবুথে হামলা ও কর্মচারীদের মারধরের অভিযোগে হৃদয় খান ওরফে সেকেন্দার (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাশেদ ফজল বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার সেকেন্দার উপজেলার সৈয়দপুর গ্রামের কাবেল মিয়ার ছেলে। তিনি ট্রাকচালক।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাটুভাঙ্গা সেতু পার হওয়ার সময় ট্রাকচালক সেকেন্দার টোল পরিশোধের জন্য এক হাজার টাকার নোট দেন। ওই নোটের ভাঙতি দিতে কিছুটা দেরি হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ট্রাকটি সড়কের ওপর দাঁড় করিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

এ সময় টোল আদায়ের কর্মচারীরা ট্রাকটি সরিয়ে নিতে বললে চালক ও হেলপার তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা টোলকর্মীদের মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ওই চালক আরও কয়েকজনকে খবর দিয়ে ঘটনাস্থলে নিয়ে এসে টোল আদায়ের কর্মচারীদের ওপর হামলা চালান বলেও অভিযোগ রয়েছে।

এ সময় টোলের ইজারাদার মাসুদুর রহমানের স্ত্রীর বোন হামলা থামাতে এগিয়ে গেলে তাকেও মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২

এ ঘটনায় টোলের ইজারাদার মাসুদুর রহমানের স্ত্রী ফারহানা বেগম বাদী হয়ে শনিবার রাতে মির্জাপুর থানায় মামলা করেন। মামলায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার আসামি ও ট্রাকের মালিক লাভলু ওরফে লখাই মুঠোফোনে বলেন, তার ট্রাকের চালক টোল দিতে এক হাজার টাকার নোট দিলে টোলপ্লাজার কর্মীরা ৯০০ টাকা ফেরত না দিয়ে উল্টো চালক ও হেলপারকে মারধর করেন। এ সময় তার গাড়ির গ্লাসও ভাঙচুর করা হয়। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন।

হাটুভাঙ্গা টোলের ইজারাদার মাসুদুর রহমান বলেন, একটি কুচক্রী মহল হাটুভাঙ্গা সেতুর টোল আদায় বন্ধ করতে নানা ধরনের পাঁয়তারা করছে। হামলার ঘটনাটি পরিকল্পিত বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাশেদ ফজল বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে মামলার এক আসামি হৃদয় খান ওরফে সেকেন্দারকে গ্রেফতার করা হয়েছে। পরে রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর