রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশু ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশু ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশু এবং ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৭৩ শিশু ও ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো পৃথক সামারিতে এসব তথ্য জানানো হয়।

সামারিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩১ শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৯ শিশু। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১১৬ শিশু।

চলতি বছরের মাঝামাঝি সময় থেকে হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪ হাজার ২৯২ শিশু চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ হাজার ১০৩ জন। মারা গেছে ৭৩ শিশু।

হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুটির বয়স সাড়ে তিন বছর। গত ৬ সেপ্টেম্বর হামের উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় পিত্তথলির অস্ত্রোপচারকালে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মোজাম্মেল হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি শেরপুর সদর উপজেলার ইদ্রিস আলীর ছেলে। গত ১৯ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরে রোববার ভোররাত সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল থেকে পাঠানো ডেঙ্গু সামারিতে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ছুটি নিয়ে বাড়ি ফিরেছে ৪৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১২৪ জন। তাদের মধ্যে পুরুষ ৬৬, নারী ৪৬ ও শিশু ১১ জন।

চলতি বছরে এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২ হাজার ৪৬২ জন ভর্তি হয়েছে। এ সময়ে মারা গেছে ২১ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন খান হামের উপসর্গে শিশু ও ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর