রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নওগাঁয় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে সওজ প্রকৌশলী নিহত

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ এএম

শেয়ার করুন:

নওগাঁয় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে সওজ প্রকৌশলী নিহত
প্রকৌশলী মো. রাশেদুজ্জামান

নওগাঁয় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান নিহত হয়েছেন। এ সময় তার সাত বছরের শিশু কন্যা গুরুতর আহত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাপানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মো. রাশেদুজ্জামান নওগাঁর মহাদেবপুর-পত্নীতলা সাব-ডিভিশন অফিসে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে স্ত্রী ও মেয়েকে নিয়ে নওগাঁ শহর থেকে সিএনজিচালিত অটোরিকশা করে মহাদেবপুরে যাচ্ছিলেন নিহত রাশেদুজ্জামান। এসময় হাপানিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উপ-সহকারী প্রকৌশলী রাশেদুজ্জামান মারা যান। দুর্ঘটনায় তার সাত বছরের শিশু কন্যা রুমাইসা জামান গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ বলেন, রাশেদুজ্জামান আমার একজন দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। তার এভাবে চলে যাওয়া অত্যন্ত কষ্টদায়ক। তার স্ত্রী সুস্থ আছেন, তবে তার ছোট মেয়ে রুমাইসা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

 

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে শনাক্ত করতে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর