শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, অপারেশন থিয়েটার সিলগালা

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

শেয়ার করুন:

ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, অপারেশন থিয়েটার সিলগালা

যশোরের অভয়নগরে সিজারিয়ান অপারেশনের পর রত্না বেগম (৩৬) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় বেসরকারি একটি হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অপারেশনকারী চিকিৎসক। এ ঘটনায় হাসপাতালটির অপারেশন থিয়েটার (ওটি) সাময়িকভাবে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা সরকারি হাসপাতাল সড়কের ফাতেমা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। দুপুরে পর হাসপাতালটির অপারেশন থিয়েটার (ওটি) সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। 

নিহত রত্না বেগম যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত ইয়াকুব মোল্যার মেয়ে এবং বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের আন্দুলবাড়িয়া গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রসবব্যথা ওঠায় শুক্রবার রাতে রত্না বেগমকে ফাতেমা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক মঞ্জুর মোর্শেদের তত্ত্বাবধানে তার সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের পর নবজাতক সুস্থ থাকলেও রত্না বেগমের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শনিবার ভোরে তার পেট ফুলে যায় এবং খিঁচুনি ওঠে। একপর্যায়ে তিনি মারা যান।

নিহতের বড় বোন রুনা বেগম বলেন, ‘অপারেশনের পর বাচ্চা সুস্থ ছিল। কিন্তু আমার বোন অসুস্থ হয়ে পড়ে। শনিবার ভোরে তার পেট ফুলে যায়, খিঁচুনি ওঠে। কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়।’ ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই তার বোনের মৃত্যু হয়েছে দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক মঞ্জুর মোর্শেদ। তিনি বলেন, ‘অপারেশন ভালোভাবেই সম্পন্ন হয়েছিল। এরপর আমি বাড়ি চলে যাই। পরে কী হয়েছিল, তা আমাকে জানানো হয়নি। খবর পেয়ে সকালে হাসপাতালে এসে রোগীর মৃত্যুর বিষয়টি জানতে পারি।’ অতিরিক্ত রক্তচাপের কারণে স্ট্রোক হয়ে রত্না বেগমের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

এদিকে প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালে হাসপাতালে উত্তেজনা দেখা দেয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘সকালে ৯৯৯ থেকে ফোন পাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’  দুপুরে পর ভ্রাম্যমাণ আদালত হাসপাতালটি পরিদর্শন করে। এ সময় হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) সাময়িকভাবে সিলগালা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে হাসপাতালটি পরিদর্শন করা হয়। এ সময় সেটআপে ত্রুটি ও বিভিন্ন অনিয়ম পাওয়ায় অপারেশন থিয়েটারের কার্যক্রম সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।’ ধাপে ধাপে উপজেলার অন্যান্য বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান চালানো হবে বলে জানান তিনি।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর