শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

 যশোর প্রেসক্লাব সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

 যশোর প্রেসক্লাব সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন সভাপতি এবং মানবজমিনের নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব যশোরে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়। এবার নতুন ৩৬ জন সাংবাদিকসহ ক্লাবের মোট ভোটার ছিলেন ১২১ জন।

সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক প্রভাত ফেরীর সম্পাদক ফকির শওকত পেয়েছেন ৪৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় মানবজমিনের নূর ইসলাম ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক প্রজন্ম একাত্তরের সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু পেয়েছেন ৪১ ভোট এবং সময় টিভির জুয়েল মৃধা পেয়েছেন ২৯ ভোট।

ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে গ্রামের কাগজের দেওয়ান মোরশেদ আলম ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নিউ এজের সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট।

কার্যনির্বাহী সদস্যের ছয়টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন আটজন। নির্বাচিত ছয়জন হলেন- শহীদ জয় ৯৬ ভোট, রফিকুল ইসলাম ৯২ ভোট, গালিব হাসান পিন্টু ৮১ ভোট, মুরশিদুল আজিম হিরু ৭৯ ভোট, এস এম সোহেল ৬২ ভোট এবং তৌহিদ জামান ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দুই প্রার্থী সফিক সাঈদ  পেয়েছেন ৫৪ ভোট এবং আব্দুল ওয়াহাব মুকুল পেয়েছেন ৪৮ ভোট।

নির্বাচনের আগেই কয়েকটি পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহসভাপতি পদে দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু ও দৈনিক সুবর্ণভূমির বার্তা সম্পাদক সরোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুবর্ণভূমির কাজী আশরাফুল আজাদ ও দৈনিক কালের কণ্ঠের ফিরোজ গাজী নির্বাচিত হন।

এ ছাড়া কোষাধ্যক্ষ পদে দৈনিক নতুন সকালের বার্তার জাহিদ আহমেদ লিটন এবং দফতর সম্পাদক পদে গাজী টিভির তহীদ মনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সকাল থেকেই ভোট দিতে প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট গ্রহণকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রার্থীরা ভোটারদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। ভোট গ্রহণ শেষে গণনা চলাকালে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ফলাফল নিয়ে আগ্রহ দেখা যায়।

অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। কমিটির অন্য দুই সদস্য ছিলেন অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল ও রেজাউল করিম।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর