হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স ও ডেগের টাকা চতুর্থবারের মতো গণনা হয়েছে। ৩৪ দিন পর গণনার পর সেখানে মিলেছে প্রায় ৮৯ লাখ টাকা। এ ছাড়া মিলেছে স্বর্ণ, ১৫টি দেশের মুদ্রা ও একাধিক চিঠি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান মাজারের আর্থিক ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক (সিসিক) আবদুল কাইয়ুম চৌধুরী।
এর আগে, শনিবার সকাল ১০টা থেকে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহে বসানো ৩টি দানবাক্স ও ৩টি ডেগ থেকে টাকা সংগ্রহ শুরু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দানবাক্স ও ডেগের সিলগালা খুলে সংগ্রহ করা হয় টাকা। পরে প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবী মিলে দিনভর সেগুলো গণনা করেন। সন্ধ্যা ৬টার দিকে সিসিকের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী প্রাপ্ত দানের হিসাব ঘোষণা করেন।
আবদুল কাইয়ুম চৌধুরী জানান, এবার দান হিসাবে মিলেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা, ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ, ব্রিটিশ ৫ পাউন্ড, ভারতীয় রূপি ৩ হাজার ৯৫৪, থাইল্যান্ডের ৫ বাথ, সৌদি আরবের ৯৯.২৫ রিয়াল, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, ৮ মার্কিন ডলার, ওমানের ৯০৩ রিয়াল, আরব আমিরাতের ৫৭.২৫ দিরহাম, ইরাকের ১ দিনার, কাতারের ২১.৫০ রিয়াল, ৩০.১০ ইউরো, বাহরাইনের দশমিক ২৫ দিনার, পাপুয়া নিউগিনির ৫০ টিনা, চীনের ১৫ ইউয়ান ও ইন্দোনেশিয়ার ৫ হাজার রূপিয়াহ।
প্রসঙ্গত, এর আগে গত ১৫ আগস্ট ৩৪ দিন পর তৃতীয়বারের মতো দানবাক্স খোলা হয়েছিল। ওই সময় পাওয়া গিয়েছিল ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা ও বিভিন্ন দেশের মুদ্রা।
প্রতিনিধি/ এজে




