গোপালগঞ্জের কাশিয়ানীতে ধর্ষণ মামলায় কারাগারে থাকা আসামি জামিনে বেরিয়ে মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি বাদীর পাঁচ বছর বয়সী শিশুসন্তানকে অপহরণের হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছে বাদীপক্ষ।
এ ঘটনায় মামলার আসামি বাবলু বিশ্বাস এবং তার সহযোগী সোহেল শেখ, অংশু বিশ্বাস ও সুধাংশ বিশ্বাসের বিরুদ্ধে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ করেছেন মামলার বাদী। বাবলু বিশ্বাস উপজেলার হাতিয়াড়া গ্রামের হারান বিশ্বাসের ছেলে।
মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৬ আগস্ট হাতিয়াড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে ধর্ষণের অভিযোগ ওঠে ওই বিদ্যালয়ের দফতরি বাবলু বিশ্বাসের বিরুদ্ধে। পরে ওই শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হলে পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়। কাশিয়ানী থানায় মামলাটি নথিভুক্তের পর পুলিশ তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে। পরে আদালত বাবলু বিশ্বাসের বিরুদ্ধে পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
বাদীপক্ষের অভিযোগ, জামিনে কারাগার থেকে বের হওয়ার পর বাবলু বিশ্বাস নিজে ও সহযোগীদের মাধ্যমে মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ ও হুমকি দিচ্ছেন। মামলা প্রত্যাহার না করলে বাদী ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করার ভয় দেখানো হচ্ছে। এ অবস্থায় মামলার বিচারপ্রক্রিয়া যাতে প্রভাবিত না হয়, সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ ও পরিবারের নিরাপত্তা দাবি করেছেন বাদী।
বাদী বলেন, মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার পাওয়ার আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন। কিন্তু আসামি জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন এবং তার শিশুসন্তানকে অপহরণের হুমকি দেওয়া হচ্ছে। এতে তারা আতঙ্কে রয়েছেন।
অভিযুক্ত বাবলু বিশ্বাসের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার সহযোগী সোহেল শেখ হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এলএ




