বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের প্রয়োজনেই আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে। তিনি গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন ও চাঁদাবাজি-দুর্নীতি বন্ধে নেতাকর্মীদের ১ দফার প্রস্তুতি নিতে বলেছেন।
শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যাত্রা শুরু করে লংমার্চটি দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে পৌঁছায়। সেখানে পথসভায় তিনি এ কথা বলেন।
আট দফা দাবি আদায়ে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ করছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
জামায়াত আমির বলেন, যখন ৮ দফা থেকে ১ দফার দাবি আসবে; তখনই ঘরে ঘরে প্রস্তুতি নিতে হবে। এজন্য এখন থেকে প্রস্তুতি নিন, ডাক আসলেই সিরাজগঞ্জ থেকে ঢাকামুখী হবেন। দাবি আদায় করেই ঘরে ফিরবে।
লংমার্চের উদ্দেশ তুলে ধরে তিনি বলেন, জনগণের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া, শিল্পকারখানার চাকা সচল রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে তাদের এই কর্মসূচি।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির শাহিনূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- জামায়াতের নায়েবে আমির এটিএম আজহার ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী প্রমুখ।
প্রতিনিধি/এলএ




