মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর ইকরাম হোসেন নামে একজন ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে এমন ঘটনা ঘটেছে।
ঘরের ভেতরে ইকরাম হোসেন তার স্ত্রী প্রিংয়াকা ও তাদের দেড় বছরের মেয়ে লিজাকে হত্যা করে নিজেও ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।
তারা আরও জানান, ইকরাম হোসেন প্রবাসে ছিলেন। কিছুদিন আগে তিনি দেশে ফিরেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো বিরোধ বা পরিবারিক কলহ ছিল কিনা সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একই পরিবারের তিনজনের এমন মৃত্যুতে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার করেছি। আমরা তদন্ত করে দেখছি, কী কারণে এই ঘটনা ঘটেছে।
প্রতিনিধি/এলএ




