আট দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের রংপুর অভিমুখী লংমার্চ শুরু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে এ লংমার্চ শুরু হয়। এই লংমার্চ শেষ হবে রংপুর জিলা স্কুল মাঠে। সেখানে সন্ধ্যা ৭টার পর সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাপনী সমাবেশে পাঁচ লাখ মানুষ সমাগমের প্রত্যাশা ১১-দলীয় ঐক্যের নেতৃবৃন্দের।
নেতৃবৃন্দের দাবি, চট্টগ্রামমুখী লংমার্চের তুলনায় রংপুরমুখী কর্মসূচিতে আরও বেশি মানুষের সাড়া পাওয়া গেছে। রংপুর জিলা স্কুল মাঠের সমাপনী সমাবেশে পাঁচ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে। একই সঙ্গে ঢাকা থেকে শুরু হওয়া লংমার্চের গাড়িবহরে এক হাজারের বেশি গাড়ি যুক্ত হতে পারে।
চট্টগ্রামমুখী লংমার্চের তুলনায় রংপুরমুখী লংমার্চে ব্যাপক সাড়া পাওয়ার কারণ হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনের মধ্যে জামায়াত ১৭টি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২টি আসনে জয় পায়। জোটগত নির্বাচনে ১৯টি আসনে জয়ী হয় তারা। আর বিএনপি জয় পায় ১৩টি আসনে। এরমধ্যে একটি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হন। রংপুর বিভাগে বেশি আসন পাওয়ায় এই লংমার্চে রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থানও তুলে ধরতে চায় ১১ দলীয় ঐক্য।
উত্তরাঞ্চলমুখী এই লংমার্চে গণভোটের গণরায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জুলাই গণহত্যার বিচার, গ্যাস, বিদ্যুৎ, তেলের সংকট দূর করা, দলীয়করণ, দখলদারিত্ব, দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৮ দফা দাবি তোলা হয়েছে। তবে রংপুর বিভাগের অন্যতম দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি যুক্ত করা হয়েছে এই লংমার্চের দাবির সঙ্গে।
এদিকে, ঢাকা টু রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে রংপুর জিলা স্কুল মাঠে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এই লংমার্চ কে ঘিরে কয়েকদিন ধরে মাইকিং, পোস্টারিং ও কয়েকদফা প্রস্তুতি সভা করেছে নেতৃবৃন্দ।
অন্যদিকে, এই লংমার্চ কে ঘিরে রংপুর মহানগর পুলিশ ও জেলা পুলিশের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই লংমার্চ শেষ করতে পারে ১১ দলীয় ঐক্য।
ঢাকা টু রংপুর লংমার্চ সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়েছে। পথমধ্যে গাজীপুরের ভোগরা বাইপাস রোডে এবং টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস রোড, দুপুর ১২টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়, বিকেল ৪টায় বগুড়ার মাটিডালি বিমান মোড় ও বিকেল সাড়ে ৫টায় গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় পথসভায় নেতৃবৃন্দের বক্তব্য রাখা কথা রয়েছে। এই লংমার্চের সমাবেশ ও পথসভাগুলোতে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
প্রতিনিধি/টিবি




