ঝিনাইদহের মহেশপুরে টিউবওয়েলের পানি গড়ানো নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর মারধরে আব্দুল জব্বার (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে টিউবওয়েলের পানি যাওয়া নিয়ে প্রতিবেশী জেহের আলীর ছেলে পলাশ ও বিদ্যুতের সঙ্গে আব্দুল জব্বারের বাকবিতণ্ডা হয়। কথা কাটাকাটির একপর্যায়ে পলাশ ক্ষিপ্ত হয়ে আব্দুল জব্বারের বুকে কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এলএ




