নেত্রকোনার দুর্গাপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদ্য বহিষ্কৃত সদস্যসচিব হিমেল সরকারকে ছিনতাইয়ের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাকে দুর্গাপুর চৌকি আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে প্রেরণের তথ্যটি নিশ্চিত করেছেন আদালতের জিআরও আবুল কালাম।
এর আগে, বৃহস্পতিবার রাতে দুর্গাপুর থানা পুলিশ হিমেল সরকারকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ছিনতাইয়ের শিকার এক ব্যক্তি থানায় মামলা করার পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ছিনতাইয়ের ঘটনায় এক ভুক্তভোগী দ্রুত বিচার আইনে মামলা করলে পুলিশ হিমেলকে গ্রেপ্তার করে। এর আগে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে মৌখিক অভিযোগ পাওয়া গেলেও এবার তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।
তিনি বলেন, ঘটনার পরপরই আমরা তাকে আটক করি। পরে রাতে ভুক্তভোগী থানায় মামলা করেন।
এদিকে মামলা হওয়ার কিছুক্ষণ আগে বৃহস্পতিবারই হিমেল সরকারকে দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিবের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
বহিষ্কারাদেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা সালমান আরশাদ নজরুলসহ তিন যুগ্ম আহ্বায়ক স্বাক্ষর করেন।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনজনিত সুনির্দিষ্ট কারণে তাকে সদস্যসচিবের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের বিষয়ে মির্জা সালমান আরশাদ নজরুল বলেন, হিমেলের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, পর্যটকদের মালামাল জোরপূর্বক কেড়ে নেওয়া, মাদক গ্রহণ ও বিক্রি এবং চোরাচালানসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় এমন সমস্যা ছিল না। দায়িত্ব পাওয়ার পর সে ক্ষমতার অপব্যবহার শুরু করে। কোনোভাবেই তাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। তাই তাকে বহিষ্কার করা হয়েছে।
প্রতিনিধি/ এজে




