চুক্তি অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধে বিলম্বের প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন পোশাকশ্রমিকরা। দ্রুত পাওনা পরিশোধ এবং শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির নেতাদের অভিযোগ, আশুলিয়ার ইনজেনিটেক্স বিডি লিমিটেড ও ইনজেনিটেক্স একটিভ লিমিটেডের কারখানা কর্তৃপক্ষ চুক্তি অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধে বিলম্ব করছে। এতে শ্রমিক ও তাদের পরিবারের মধ্যে আর্থিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, চুক্তি অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধে কোনো ধরনের গড়িমসি বা তালবাহানা গ্রহণযোগ্য নয়। পাওনা পরিশোধে বিলম্বের কারণে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। এ ধরনের পরিস্থিতি শিল্পাঞ্চলের শ্রমিকদের মধ্যে উদ্বেগ বাড়াতে পারে।
বক্তারা অবিলম্বে শ্রমিকদের সব বৈধ ও চুক্তিভিত্তিক পাওনা পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।
কর্মসূচি থেকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল ইসলামসহ সংগঠনের নেতারা পাঁচ দফা দাবি তুলে ধরেন।
পরে সংগঠনের নেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা ও অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এলএ




