ডেঙ্গু প্রতিরোধে শুধু বক্তব্য নয়, পরিচ্ছন্নতা অভিযানে নেমে নিজ হাতেই খালের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে জেলার ভেদরগঞ্জে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেন তিনি। কর্মসূচির শুরুতে উপস্থিত কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার শপথ পাঠ করান হুইপ অপু।
পরে ভেদরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি খাল পরিদর্শনে যান তিনি। সেখানে দীর্ঘদিন ধরে খালটি দখল ও ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে স্থানীয়রা জানান। বিষয়টি শুনে হুইপ অপু নিজ হাতে খালের ময়লা-আবর্জনা পরিষ্কারে অংশ নেন।
খালটি দখলমুক্ত ও উদ্ধারে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।
হুইপ অপু বলেন, সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এ পরিচ্ছন্নতা অভিযান। ডেঙ্গু ও অন্যান্য রোগজীবাণু থেকে জনগণকে সুরক্ষিত রাখতে পরিচ্ছন্নতার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
খাল দখল ও ভরাটের বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে খালটি দখল ও ভরাটের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ খাল উদ্ধারে প্রশাসন আগামীকাল (শনিবার) থেকে কাজ শুরু করবে। ভেদরগঞ্জ উপজেলার দখল হয়ে যাওয়া সব খাল দখলমুক্ত করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে সরকারের প্রশিক্ষণমূলক বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন হুইপ অপু। বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে যুবসমাজকে আত্মনির্ভরশীল করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করছে।
কর্মসূচিতে যাওয়ার পথে স্থানীয় শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন হুইপ অপু। এ সময় কয়েকজন শিশুকে কোলে তুলে নিয়ে আদর করেন এবং তাদের হাতে চকলেট তুলে দেন। পরে কর্মসূচিতে অপেক্ষমাণ স্থানীয়দের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি।
পরিচ্ছন্নতা অভিযান শেষে ২০২৬-২৭ অর্থবছরে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সেলাই মেশিন এবং ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন বিতরণ করেন হুইপ অপু।
অনুষ্ঠানে বিশেষ ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার এবং শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাছির উদ্দিন।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এলএ




