বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে জাফর আলম বাবুল (৫০) নামে এক কাঠ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাইশারী ইউনিয়নের ছাদুঅং পাড়ার ধুংছাই মারমার বৌদ্ধ মন্দির এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জাফর আলম বাবুল স্থানীয় বাসিন্দা ওসমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাতে ছাদুঅং পাড়ার ধুংছাই মারমার বৌদ্ধ মন্দির এলাকায় দেনাপাওনা সংক্রান্ত একটি সালিশি বৈঠক হয়। এরপর শুক্রবার সকালে ওই এলাকায় জাফর আলম বাবুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে মংক্যচিং মারমা নামে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কাঠ ব্যবসায়ীকে হত্যার খবর ছড়িয়ে পড়লে বাইশারীতে স্থানীয় বাঙালিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
বাইশারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন, কাঠ ব্যবসায়ী জাফর আলম বাবুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে।
প্রতিনিধি/এসএস




