শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মধুপুরে সম্পত্তির দ্বন্দ্বে বসতঘরে আগুন, আসবাবপত্র পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ এএম

শেয়ার করুন:

মধুপুরে সম্পত্তির দ্বন্দ্বে বসতঘরে আগুন, আসবাবপত্র পুড়ে ছাই
আগুনে আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে এক নারীর বসতঘরে আগুন লেগে আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে তার ভাইদের বিরুদ্ধে আগুন দেওয়ার অভিযোগ উঠলেও তারা তা অস্বীকার করেছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের টিকরী গ্রামে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)  রাতে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, টিকরী গ্রামের মৃত মজিদ সরকার জীবদ্দশায় ক্যানসারে আক্রান্ত ছিলেন। ভুক্তভোগী নিপার দাবি, ওই সময় তার ছেলে ও ছেলের বউ বাবার দেখভাল না করায় তিনি মেয়েকে ডেকে নেন এবং নিজের ১০০ শতাংশ জমি তার নামে দলিল করে দেন। এরপর থেকে নিপাই বাবার সেবা-শুশ্রূষা করতেন।

নিপার অভিযোগ, বাবার মৃত্যুর পর ওই জমি ও বসতভিটা নিয়ে তার ভাই স্বপন ও কাইয়ুমের সঙ্গে বিরোধ শুরু হয়। তাকে বসতভিটা থেকে উচ্ছেদ করতে বিভিন্নভাবে নির্যাতন ও ভয়ভীতি দেখানো হচ্ছিল। নিরাপত্তাহীনতার কারণে তিনি দিনে বাবার ভিটায় থাকলেও রাতে মধুপুরে শ্বশুরবাড়িতে থাকতেন।

নিপা জানান, গত বৃহস্পতিবার রাতে বসতবাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের সব মালামাল পুড়ে যেতে দেখেন। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, ‘আমার ২০ বছরের জমানো সব শেষ হয়ে গেছে। এখন আমি পুরোপুরি নিঃস্ব। পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। স্বামী ও মেয়েকে নিয়ে কোথায় যাব, বুঝতে পারছি না।’

ফায়ার সার্ভিসের কর্মকর্তা বোরহানউদ্দিন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে স্বপন ও কাইয়ুম আগুন দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের বোন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। আমরা নিজেরাই তাকে থাকার জন্য ঘর দিয়েছি। জমি নিয়ে আমাদের সঙ্গে বিরোধ রয়েছে। আমাদের অজান্তে বাবা নিপার নামে ১০০ শতাংশ জমি লিখে দেওয়ায় তখন থেকেই বিরোধের সৃষ্টি হয়। আমরা ঘরে আগুন দিয়েছি—এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

অভিযুক্ত স্বপন বলেন, তারা আগুন দেওয়ার সঙ্গে কোনোভাবেই জড়িত নন।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এতে কেউ জড়িত কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণের দাবি জানিয়েছেন নিপা ও স্থানীয়রা। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর