বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শ্রীমঙ্গলে বসতবাড়ির উঠানে ১৮ ফুটের অজগর

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পিএম

শেয়ার করুন:

শ্রীমঙ্গলে বসতবাড়ির উঠানে ১৮ ফুটের অজগর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসতবাড়ির উঠানে হঠাৎ দেখা মিলল প্রায় ১৮ ফুট লম্বা একটি অজগর সাপের। বিশাল আকৃতির সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির লোকজন ও স্থানীয়রা। পরে খবর পেয়ে অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবাকর্মীরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার সিরাজনগর লামুয়া এলাকায় কদর আলী মেম্বারের বাড়ির আঙিনায় অজগরটি দেখতে পান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, বসতবাড়ির উঠানে বিশাল আকৃতির অজগর সাপটি দেখে তারা বিষয়টি আব্দুল মজিদ নামে স্থানীয় এক ব্যক্তিকে জানান। পরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা সতর্কতার সঙ্গে অজগরটিকে উদ্ধার করেন। উদ্ধারের সময় সাপটি অক্ষত ছিল।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করি। পরে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে এটি হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, ১৮ ফুট লম্বা অজগরটি সুস্থ অবস্থায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন তাদের কাছে হস্তান্তর করেছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর