বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চাঁদপুরে কালো ব্যাজ ধারণ করে তিন বিচারকের প্রত্যাহার দাবি

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে কালো ব্যাজ ধারণ করে তিন বিচারকের প্রত্যাহার দাবি
কালো ব্যাজ ধারণ করে আইনজীবীদের মানববন্ধন। ছবি: ঢাকা মেইল

আইনজীবীদের সঙ্গে ‘অসৌজন্যমূলক আচরণ ও বার-বেঞ্চের মধ্যে সমন্বয়হীনতার’ অভিযোগ তুলে চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ তিন বিচারকের প্রত্যাহারের দাবিতে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। পরে আইনজীবীরা কালো ব্যাজ ধারণ করে আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে আবার আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

আদালত বর্জনের সিদ্ধান্তে থাকা তিন বিচারক হলেন- চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক পলাশ বর্ধন এবং সদর সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক শম্পা ইসলাম।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি শামছুল ইসলাম মন্টু। তিনি বলেন, ‘বিচারকদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আমাদের সমস্যা হচ্ছে বিচারক ও আইনজীবীদের মধ্যে সমন্বয়হীনতা এবং অসৌজন্যমূলক আচরণ নিয়ে।’ এর কারণে বিচারপ্রার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়েও তিনি গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, যেসব আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিচারপ্রার্থীরা যেন সেসব আদালতে প্রবেশ না করেন। আইনজীবী সহকারীদেরও বর্জন করা আদালতে তদবির না করার আহ্বান জানান তিনি।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার ফয়সালের সঞ্চালনায় কর্মসূচির আগে বক্তব্য দেন- সমিতির সাবেক সভাপতি কামাল উদ্দিন, সিনিয়র আইনজীবী হুমায়ুন কবির, শিরিন আক্তার মুক্তা, আবু বকর, মাসুদ প্রধানিয়া, আতিকুর রহমান ও সাদ্দাম হোসেনসহ অন্যরা।

এর আগে গত ৯ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জরুরি সাধারণ সভায় প্রায় সাড়ে চারশ আইনজীবীর উপস্থিতিতে তিন বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন আইনজীবীরা। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার আন্দোলনের নবম দিনে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল করেন তারা।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর