ফেনীর সোনাগাজীতে গাঁজা সেবনের সময় আটক হয়েছেন দুই যুবক। প্রচলিত কোনো পুলিশি আইনি প্রক্রিয়ার বদলে সচেতনতামূলক ও ব্যতিক্রমী সাজা হিসেবে তাদের দিয়ে একটি দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় জমে থাকা পুকুর পরিষ্কার করিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলা সংলগ্ন ‘জসিম ব্রিকস ফিল্ড’ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের মোহাম্মদ সাকিব (৪০) ও আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের জাহেদ আলম (৩৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে জসিম ব্রিকস ফিল্ড এলাকায় সাকিব ও জাহেদ প্রকাশ্য স্থানে বসে মাদক সেবন করছিলেন। সংবাদটি জানতে পেরে মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনারের নেতৃত্বে এলাকাবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের বক্তারমুন্সী বাজারে নিয়ে এসে শাস্তি এবং সামাজিক সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে বাজারের মাঝখানে বছরের পর বছর ধরে ফেলে রাখা ময়লা-আবর্জনায় পূর্ণ পুকুরটি পরিষ্কারের কাজে নামিয়ে দেওয়া হয়।
মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এরা ইতিপূর্বেও মাদকের অপরাধে কয়েকবার গ্রেফতার হয়েছিল। কিন্তু জামিনে বের হয়ে আবারও একই অপকর্মে লিপ্ত হয়। তাই এলাকাবাসীর পরামর্শে আইনি সাজার পাশাপাশি এবার তাদের সামাজিকভাবে লজ্জিত করতে এবং এলাকায় সচেতনতা বাড়াতে বাজার সংলগ্ন পরিত্যক্ত পুকুরটি পরিষ্কারের কাজে নিয়োজিত করা হয়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানায়, এলাকায় মাদক সেবন ও অসামাজিক কাজ রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মাদকসেবীদের এমন শাস্তির বিষয়টিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন এলাকার অন্য সাধারণ মানুষও।
প্রতিনিধি/এলএ




