শেরপুরের নালিতাবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, যুবলীগ নেতা তাইবুর রহমান রুবেল, ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ এবং ছাত্রলীগ কর্মী বুলবুল।
পুলিশ জানিয়েছে, বুধবার বিকেল ও রাতে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
পুলিশের ভাষ্য, কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সমর্থনে মিছিল করার অভিযোগ পাওয়া যায়। এসব মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের হাতে মশাল ও লাঠিসোঁটাও ছিল বলে পুলিশ জানায়।
এরপর জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। পৃথক অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাদের জেলা আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এজে




