চাঁপাইনবাবগঞ্জে ৩টি চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় এক প্রেসবিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।
তিনি জানান, বুধবার রাত দেড়টার দিকে সদর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের বেলতলা মোড় এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে প্রথমে একটি লাল রঙের হিরো এইচএফ ডিল্যাক্স বাইকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আরও ৩ জনকে গ্রেপ্তার এবং তাদের বাড়ি থেকে একটি ডিসকভার ১২৫ সিসি ও আরেকটি হিরো এইচএফ ডিল্যাক্স মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— আব্দুস সালাম, সোহেল রানা, আসিফ, আহম্মদ আলী, ইমন রেজা ও আশিক। এছাড়া সাদ্দাম হোসেন ও সুশান্ত সিংহ নামে ২ জন পলাতক রয়েছে। গ্রেপ্তার ও পলাতক সবার বাড়ি শিবগঞ্জ উপজেলায়।
অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াজিম ফিরোজ জানান, পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাসের দিক নির্দেশনায়, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. ইয়াসির আরাফাত এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো. একরামুল হোসাইনের নেতৃত্বে পুলিশ এই অভিযান পরিচালনা করেন।
এছাড়াও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।




