সিরাজগঞ্জে যমুনাপাড়ের কাশবনের ভেতর থেকে একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্যরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের ৩নং ক্রসবার চায়না বাঁধ এলাকায় কাশবনের ভেতরে এসআরবি-১২, সদর কোম্পানির একটি টিম অভিযান চালিয়ে গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১২ সদর কোম্পানির কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, গত রাতে সদর উপজেলার চর মালশাপাড়ার ৩ নম্বর চায়না বাঁধ এলাকার উজ্জ্বলের দোকানের ১শ গজ পেছনে কাশবনের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় রিভালবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। তবে অস্ত্র ও গুলির মালিকানা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
প্রতিনিধি/ এজে




