বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হাম উপসর্গে সিলেটের হাসপাতালগুলোতে ভর্তি দেড় শতাধিক

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

হাম উপসর্গে সিলেটের হাসপাতালগুলোতে ভর্তি দেড় শতাধিক
সিলেটে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুরা। ছবি: ঢাকা মেইল

সিলেট বিভাগে হামের প্রকোপের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৭ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৪ জনে। তবে এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে চিকিৎসাধীন ৫৬৪ জনের মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২০০ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৮ জন ভর্তি রয়েছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৫ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন চিকিৎসাধীন।

সিলেট জেলার বাইরে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৭ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৭ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঁচজন ভর্তি রয়েছেন। পাশাপাশি বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৫৭ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, নর্থ ইস্ট হাসপাতালে চারজন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে চারজন রয়েছেন। 

এছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, কোম্পানীগঞ্জে দুজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন রোগী নতুন করে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে নিশ্চিত রোগীও শনাক্ত হয়নি।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৭৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মোট ১৬৮ জনের মৃত্যু হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর