দিনাজপুরের বিরামপুর ও হাকিমপুর উপজেলায় পৃথক তিনটি অভিযানে ১ হাজার ৯০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৩৩৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকসসহ ২ লাখ ২৩ হাজার ৩৮০ টাকা মূল্যের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ খাঁনপুর বিওপি, বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার ৯০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৩৩৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ৫১ পিস ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস, ১০ প্যাকেট বিভিন্ন ধরনের খাবার সামগ্রী, ৩৬ প্যাকেট বিড়ি, ২ কেজি জিরা ও ১২ প্যাকেট আগরবাতি জব্দ করা হয়েছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
প্রতিনিধি/টিবি




