বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষ, লাঠির আঘাতে নিহত ১

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ এএম

শেয়ার করুন:

কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষ, লাঠির আঘাতে নিহত ১

শরীয়তপুরের নড়িয়ায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আনোয়ার ভুঁইয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় লিটন নামে আরও একজন আহত হয়েছেন। তিনি নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ভূমখাড়া ইউনিয়নের মানাখান গ্রামের রহিম ঢালীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার ভুঁইয়া ভূমখাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সেকেন্দার ভুঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানাখান জামে মসজিদের কবরস্থানের জমি নিয়ে ইতালি প্রবাসী জাহিদুল ঢালি ও আনোয়ার ভুঁইয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। বুধবার বিকেলে ওই জমি নিয়ে আনোয়ার ভুঁইয়া ও জাহিদুল ঢালির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাহিদুল ঢালি লাঠি দিয়ে আনোয়ার ও লিটনের মাথায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আনোয়ারের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত লিটন বর্তমানে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, আনোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উত্তেজিত এলাকাবাসী জাহিদুল ঢালির বাড়িতে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে একজন নিহত হয়েছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি; আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর