গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দল নেতা সালমান শিকদারকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। পুলিশের দাবি, এ সময় হামলায় আজিমউদ্দিন নামে ওই কনস্টেবলের হাতের একটি আঙুল কেটে যায়। পরে সালমান শিকদারকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাগডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল আজিমউদ্দিনকে রাত সাড়ে ১২টার দিকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চুরির মামলায় সালমান শিকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানা কার্যকর করতে তাকে গ্রেফতারে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে কনস্টেবল আজিমউদ্দিন আহত হন।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার রায় বলেন, পুলিশ সদস্য আহত হওয়ার খবর পেয়ে তিনি হাসপাতালে যান। সেখানে জানতে পারেন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে গিয়ে কনস্টেবল আজিমউদ্দিন আহত হয়েছেন।
কোটালীপাড়া থানার ডিউটি অফিসার রাকিব হোসেন জানান, মঙ্গলবার রাতেই সালমান শিকদারকে গ্রেফতার করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সালমান শিকদার (৩০) উপজেলার কাগডাঙ্গা গ্রামের জাবের শিকদারের ছেলে। তিনি কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
এদিকে, পুলিশের ওপর হামলা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে সালমান শিকদারকে দল থেকে বহিষ্কার করেছে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা ও সদস্য সচিব মাহমুদ হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা প্রদানের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সালমান শিকদারকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে চুরির অভিযোগকে কেন্দ্র করে ২০২৫ সালের ১৯ জুলাই সালমান শিকদারকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে ২০২৬ সালের ২২ জানুয়ারি সংসদ নির্বাচনের আগে দলীয় স্বার্থ ও সাংগঠনিক বিবেচনায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এরপর চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে আবারও দল থেকে বহিষ্কার হলেন সালমান শিকদার।
প্রতিনিধি/টিবি




