দিনাজপুরের ফুলবাড়ীতে ইজিবাইক ও ভ্যানের সংঘর্ষে আব্দুল মজিদ (৫৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানে থাকা এক যাত্রী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বাড়াই চেয়ারম্যান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ উপজেলার বড়গাছা গ্রামের মৃত ইসমাইলের ছেলে। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়রা জানান, সড়কে চলাচলের সময় ইজিবাইক ও ভ্যানের মধ্যে সংঘর্ষ হলে ভ্যানচালক আব্দুল মজিদ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত এক যাত্রীসহ ইজিবাইকে থাকা কয়েকজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। সেখানে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রতিনিদি/এজে




