বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চুয়াডাঙ্গায় পৃথক ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় পৃথক ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের কামড়ে এক ব্যক্তি এবং জীবননগরে বুকের দুধ পান করার সময় অসুস্থ হয়ে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে পৃথক ঘটনা দুটি ঘটে।

মৃতরা হলেন আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের নূর বাক্স মন্ডলের ছেলে শফি মন্ডল এবং জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের জিহাদের ছেলে জুনায়েদ।

জানা গেছে, বুধবার সকালে স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন শফি মন্ডল। পথে একটি সাপ তার পায়ে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় কবিরাজের মাধ্যমে চিকিৎসা দেওয়ার আগেই তিনি মারা যান।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এদিকে, বুধবার দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে বুকের দুধ পান করার সময় অসুস্থ হয়ে পড়ে আট মাস বয়সী শিশু জুনায়েদ। পরিবারের সদস্যদের ধারণা, শ্বাসনালিতে দুধ আটকে তার মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘুমন্ত অবস্থায় জুনায়েদকে তার মা বুকের দুধ পান করাচ্ছিলেন। এ সময় হঠাৎ শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এস.কে. সাইমুম সৈকত বলেন, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার দেড় থেকে দুই ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। শ্বাসনালিতে দুধ আটকে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর