বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

৪০ বছর পর সওজের জমি থেকে ৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ 

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম

শেয়ার করুন:

৪০ বছর পর সওজের জমি থেকে ৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ 

পিরোজপুরের কাউখালীতে দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে সড়কের ওপর থাকা টিনশেড ভবনসহ পাঁচটি অবৈধ দোকান উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কাউখালী কচুয়াকাটি বেইলি ব্রিজের উত্তর পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

পিরোজপুর জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. রুবাইয়াত ফেরদৌস ও পিরোজপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আলা আমিনের উপস্থিতিতে বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান দেখতে সকাল থেকেই সড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। 

সওজ সূত্রে জানা গেছে, জেলার কাউখালী কচুয়াকাটি এলাকায় একটি আধুনিক পিসি গার্ডার সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছে। তবে সওজের জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা থাকায় সেতুটির নির্মাণকাজ বাধাগ্রস্ত হচ্ছিল।

এ বিষয়ে সওজের পক্ষ থেকে গত ১৪ সেপ্টেম্বরের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য চূড়ান্ত নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করায় আদালতের নির্দেশনা ও জনস্বার্থে বুধবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

স্থানীয় বাসিন্দা সায়েম উদ্দিন বলেন, দীর্ঘদিনের পুরোনো স্থাপনাটি অপসারণের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এখন সেতুটির নির্মাণকাজ দ্রুত এগিয়ে যাবে। পাশাপাশি এলাকার যানজটও কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. রুবাইয়াত ফেরদৌস বলেন, জনস্বার্থে এবং আদালতের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। 

সওজের জমি অবৈধ দখলমুক্ত হওয়ায় নির্ধারিত সেতু নির্মাণকাজে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর