শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মাঝিরঘাট নৌ পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পালেরচর এলাকার পদ্মা নদীর চরের জঙ্গলের ভেতর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা পদ্মা নদীতে একটি অর্ধগলিত মরদেহ ভাসতে দেখেন। পরে তারা বিষয়টি মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়িতে জানান। খবর পেয়ে ফাঁড়ির এসআই এনামুল হক সংযুক্ত ফোর্স নিয়ে নদীতে তল্লাশি শুরু করেন।
তবে নদীতে তীব্র স্রোত থাকায় সম্ভাব্য বিভিন্ন স্থানে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও ওই দিন মরদেহটির সন্ধান পাওয়া যায়নি। পরে বুধবার সকালে আবারও নদীর বিভিন্ন অংশে তল্লাশি শুরু করে নৌ পুলিশ। একপর্যায়ে পালেরচর এলাকার পদ্মা নদীর চরের জঙ্গলের মধ্যে ভাসমান অবস্থায় মরদেহটির সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে সেটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এটি একজন পুরুষের মরদেহ বলে ধারণা করছে পুলিশ। তবে তার পরিচয় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কঙ্কণ কুমার বিশ্বাস বলেন, গতকাল স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এসআই এনামুল হকসহ সংযুক্ত ফোর্স নিয়ে নদীতে তল্লাশি চালানো হয়েছিল। তবে নদীতে স্রোত বেশি থাকায় তখন মরদেহটি পাওয়া যায়নি। আজ আবারও তল্লাশি চালিয়ে পদ্মা নদীর চরের জঙ্গলের মধ্যে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তের পর মৃত্যুর কারণসহ ঘটনার বিস্তারিত খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এজে




