ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি সমালোচনার মুখে বাতিল করে পুনর্গঠন করা হয়েছে।
আগের তদন্ত কমিটির সদস্য গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও গণপূর্ত বিভাগের বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীর নাম বাদ দিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান গোলাম রহমান ভূঁইয়াকে প্রধান করে ৬ সদস্যের কমিটি পুনর্গঠন করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তদন্ত কমিটি বাতিল ও পুনর্গঠনের বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম।
গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের লিফটে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সচেতন মহল দাবি করেন- লিফটে আগুনের ঘটনায় গণপূর্ত বিভাগ দায় এড়াতে পারে না। কারণ হাসপাতালে লিফট সরবরাহ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব গণপূর্ত বিভাগের। এই আগুনের ঘটনায় যাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তাদেরকে দিয়েই তদন্ত কমিটি গঠন করায় হাসপাতাল কর্তৃপক্ষ সমালোচনার মুখে পড়ে।
গত সোমবার সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে ধোঁয়া। আতঙ্কিত হয়ে পড়েন রোগী, স্বজন, চিকিৎসক ও হাসপাতালের কর্মীরা। আগুনের খবর ছড়িয়ে পড়তেই দ্রুত নিচে নামতে শুরু করেন অনেকে। সিঁড়িতে তৈরি হয় হুড়োহুড়ি। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রতিনিধি/এলএ




